বেনাপোলে বিজিবির অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ১২:৩১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেটসহ প্রায় ১১ লাখ ১৩ হাজার টাকার বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ জুন,২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি এলাকার সীমান্তে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ৫৫টি শাড়ি, ১০৩টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ২২৪টি যৌন উত্তেজক ট্যাবলেট, ৩টি ভারতীয় তৈরি পোশাক, ১ হাজার ৫৭৭টি বিভিন্ন ধরনের চকলেট, সাড়ে ৩ কেজি কিশমিশ, ৪২ প্যাকেট ফুসকা, ৭ কেজি জিরা এবং ৫১৪টি ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ১৩ হাজার ৩০৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃত চোরাচালান পণ্য মামলার আলামত হিসেবে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার রয়েছে।
এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















