বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা: রহস্য উদ্ঘাটন, দুই আসামি গ্রেফতার
- আপডেট: ০৫:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে বহুল আলোচিত ও ক্লুলেস ইউনুস আলী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
পিবিআই সূত্র জানায়, পরকীয়া সম্পর্কজনিত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ইউনুস আলী (৪৭) নামের এক ব্যক্তিকে। তিনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে এবং বেনাপোল স্থল বন্দরে একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
তদন্তে জানা গেছে, দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে স্ত্রী তাসলীমা খাতুনের সঙ্গে একই এলাকার আনোয়ার হোসেনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
প্রায় পাঁচ বছর আগে তাসলীমা স্বামীকে ছেড়ে আনোয়ারকে বিয়ে করলেও কিছুদিন পর আবার ইউনুস আলীর সংসারে ফিরে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে আনোয়ার হোসেন ইউনুস আলীকে হত্যার পরিকল্পনা করে।
ঘটনার তিনদিন আগে তাসলীমা খাতুন মেয়েকে নিয়ে খুলনায় বেড়াতে যান। এ সুযোগে গত ২২ এপ্রিল দুপুরে আসামি তরিকুল ইসলাম ইউনুস আলীকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে রহমতপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা আনোয়ার হোসেন ও তার সহযোগী রানা ইউনুস আলীকে ঘরে ঢুকিয়ে মারধর ও নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে।
পরবর্তীতে নিহতের মরদেহ মোটরসাইকেলে করে বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা এলাকায় ফেলে রাখা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পিবিআই যশোর জেলা ইউনিট স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি তরিকুল ইসলামের অবস্থান শনাক্ত করে তাকে গোপালগঞ্জ সদর এলাকা থেকে ২৭ এপ্রিল রাতে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে নিজ বাড়ি থেকে অপর আসামি সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়।
পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী আনোয়ার হোসেন ও সহযোগী রানা পলাতক রয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





















