উলশীতে আসছেন তারেক রহমান, পুনঃখনন হবে ঐতিহাসিক ‘জিয়া খাল’
- আপডেট: ১১:১৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলশীতে খুব শিগগিরই আসছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত ‘উলশী জিয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করতে তাঁর এই আগমন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এখনো সফরের নির্দিষ্ট দিন-তারিখ চূড়ান্ত হয়নি।
জানা যায়, বাংলাদেশকে কৃষিনির্ভর অর্থনীতিতে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার উলশী যদুনাথপুর এলাকায় খনন করা হয় ‘উলশী জিয়া খাল’। প্রায় ৪.১ কিলোমিটার দীর্ঘ এই খালটি স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১৯৭৬ সালের ১ নভেম্বর খালটির খননকাজ শুরু হয় এবং প্রায় এক বছর ধরে চলে এ কার্যক্রম। খালটি খননের ফলে উত্তর শার্শার সোনামুখী, বনমান্দারসহ প্রায় ২২টি বিলের হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা সৃষ্টি হয়, যা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৃহস্পতিবার (২এপ্রিল-২০২৬) দুপুরে খালটি পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় তিনি খাল পুনঃখনন কাজের অগ্রগতি, মান এবং স্থানীয় জনগণের ওপর এর প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, শার্শার সহকারী কমিশনার(ভূমি) মো. নিয়াজ মাখদুম, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, উলশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সংশ্লিষ্টরা জানান, খালটির পুনঃখনন সম্পন্ন হলে এলাকার কৃষি ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।




















