চৌগাছায় ডিবি পুলিশের অভিযানে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ যুবক আটক
- আপডেট: ০৪:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১২৯

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) কফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল-২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটে চৌগাছা থানার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই বাবলা দাস ও এএসআই সৈয়দ শাহিন ফরহাদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে।
ডিবি সূত্র জানায়, দেবীপুর বাজারের মেসার্স জাহিদ ট্রেডার্সের সামনে চৌগাছা-কোটচাঁদপুর সড়কে সন্দেহজনকভাবে অবস্থানকালে মোঃ রিপন আলী (২৬) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক রিপন আলী চৌগাছা থানার হায়াতপুর (কাজীপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ ওয়াজেদ আলী এবং মাতার নাম মোছাঃ কাজল রেখা।
ডিবি পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সম্পন্ন হয়েছে এবং বুধবার (১ এপ্রিল-২০২৬) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।






















