তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা, র্যাবের অভিযানে ঘাতক চালক আটক
- আপডেট: ০৯:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১১০

নিজস্ব প্রতিবেদক: নড়াইলে জ্বালানি তেল না দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভের জেরে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক সুজাত আলী মোল্যাকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৯ মার্চ-২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-৬,সিপিসি-৩ যশোর ক্যাম্পের আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক এ.টি.এম মেজর ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত জ্বালানি তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন। একপর্যায়ে ওই ক্ষোভ থেকেই পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেন।
র্যাব জানায়, শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে নড়াইলের তুলারামপুর এলাকায় অবস্থিত তানভীর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ (পাম্প ম্যানেজার) তেল না দেওয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর রোববার বিকাল সাড়ে ৪টার দিকে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ট্রাকচালক সুজাত আলীকে আটক করে র্যাব-৬ সদস্যরা। একই দিন দুপুরে বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল এলাকা থেকে নাভারণ হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে।
আটক ট্রাকচালক সুজাত আলী মোল্যা (৫০) নড়াইল সদর থানার পেড়লী গ্রামের ছাইদুর রহমানের ছেলে।
এ ঘটনায় ঘাতক ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।






















