সীমান্তে বিজিবি’র অভিযানে বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট: ০৯:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৩৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযানে বিভিন্ন অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) ৪৯ বিজিবির বিশেষ টহলদল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, বিভিন্ন ধরনের ঔষধ, চকলেট, খাদ্যসামগ্রী ও কসমেটিক্সসহ নানা পণ্য আটক করে। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৮ হাজার ১৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় চোরাচালান চক্রকে প্রতিরোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরণের অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানী পণ্য পাচার রোধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে।”
আটককৃত সব পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।




















