যশোরে র্যাবের অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক আটক
- আপডেট: ০৮:৩১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৫২

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মনিহার এলাকায় র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ইব্রাহিম গাজি (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেলে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক, প্রতারণা ও জাল টাকা চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মনিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর বিকেল ৪টা ১০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গণেশপুর গ্রামের ইব্রাহিম গাজিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করে যে তার বাড়িতে জাল টাকা তৈরির আরও সরঞ্জাম রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সাতক্ষীরা জেলার গণেশপুর গ্রামে রাত ৭টা ২০ মিনিটে দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে। সেখানে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং আরও ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়।
জব্দকৃত জাল নোটের মধ্যে রয়েছে—৫০০ টাকার ৪০০টি, ২০০ টাকার ৩৯৮টি, ১০০ টাকার ১ হাজারটি ও ৫০ টাকার ১০ হাজারটি। সব মিলিয়ে এ অভিযানে মোট ৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে জব্দ করা আলামতসহ তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




















