যশোরে স্বর্ণ পাচারচেষ্টা ব্যর্থ, বিজিবি’র জালে এক যুবক ৩ পিসসহ আটক
- আপডেট: ০২:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরে তিনটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ নভেম্বর-২০২৫) সকালে যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মোঃ ওসমান গনি (৩০)। তিনি যশোর সদর উপজেলার যশোর পৌর শহরের মোল্লাপাড়া বারান্দী পাড়ার সৈয়দ আলী মন্ডলের ছেলে।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুমানিক সকাল ৭টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন ওসমান গনিকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩১৯.৪৮ গ্রাম। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি হেডফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। অন্যান্য মালামালসহ মোট জব্দকৃত পণ্যের মূল্য দাঁড়ায় প্রায় ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।
বিজিবি’র যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।
আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।





















