বেনাপোল দিয়ে ৮ মাস পর দেশে ফিরলেন ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক
- আপডেট: ১২:১৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১২৬

নিজস্ব প্রতিবেদক: ভারতের সাগর উপকূল থেকে উদ্ধার হওয়া ১২বাংলাদেশি নাবিক দীর্ঘ ৮মাস পর দেশে ফিরেছেন।
শনিবার (১৮ অক্টোবর-২০২৫) বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর সহায়তায় তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়।
প্রত্যাবর্তনকারীরা হলেন—বাগেরহাট জেলার রাজিব শেখ (২৭), শরিফুল শেখ (২০), বাপ্পি শেখ (১৮), মোহাম্মদ আলী (৪৪); মাগুরা জেলার মিহাত ফকির (২২), তরিকুল ইসলাম (২৯); নড়াইল জেলার শাওন মোল্লা (২৫), মো. জিহাদ মোল্লা (২৫), আহাদ শেখ (২৬); গোপালগঞ্জ জেলার আল আমিন শেখ (৩২), সাগর হোসেন (২৬); এবং যশোর জেলার জসিমউদ্দিন শেখ (৫৩)।
জানা গেছে, গত ৩১ জানুয়ারি নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই ‘এমভি সি ওয়ার্ল্ড’ নামের একটি জাহাজ ভারতের উদ্দেশে যাত্রা করে। পথে পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার সাগর থানার ঘোড়ামারি দ্বীপ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। ডুবে যাওয়ার পর ভারতীয় পুলিশ নাবিকদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়।
প্রায় আট মাস মানবিক সহায়তায় সেখানে অবস্থানের পর দুই দেশের সরকারের সমন্বয় ও কূটনৈতিক প্রচেষ্টায় তারা বিশেষ ট্রাভেল পারমিট-এর মাধ্যমে দেশে ফেরার সুযোগ পান।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের (পরিদর্শক) তাজুল ইসলাম জানান, “ভারতীয় কর্তৃপক্ষ ১২ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে। সকল আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় পাঠানো হয়েছে।”
জাস্টিস অ্যান্ড কেয়ার-এর ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন পর এসব বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন, এটা আমাদের জন্য বড় আনন্দের। আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারে পৌঁছে দেওয়ার কাজ করছি।”





















