বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযান: ফেন্সিডিল-শাড়ি-কসমেটিকসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৮:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ৬২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল, শাড়ি, কসমেটিকসসহ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩৫ হাজার ২শ’ টাকা।
শনিবার (১৮ অক্টোবর-২০২৫) যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কাশিপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও চৌকস নজরদারির মাধ্যমে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, শাল-চাদর ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান চলছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অপরদিকে, অন্যান্য চোরাচালানী মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।





















