আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
- আপডেট: ০৮:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ অক্টোবর-২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি, ওয়ান পিস ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযানে সফলতা এসেছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবি’র টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক, অস্ত্র ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
অভিযানে জব্দকৃত মালামাল পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।






















