বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি মদ ও চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট: ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ অক্টোবর-২০২৫) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় কাজু বাদাম, সন পাপড়ী, আমুল দুধ, কসমেটিকস ও শাড়িসহ চোরাচালান পণ্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহলদল।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৬৯,৮৯০/- (এক লক্ষ ঊনসত্তর হাজার আটশত নব্বই) টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, “সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বহুগুণে বাড়ানো হয়েছে। চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী তা ধ্বংসের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, চোরাচালানকৃত অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
উল্লেখ্য, যশোর-বেনাপোল সীমান্ত দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিজিবির কড়া নজরদারির ফলে সম্প্রতি এ রুটে চোরাচালান অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।






















