শার্শায় ২০ নভেম্বর শুরু হচ্ছে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬
- আপডেট: ১০:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে যশোরের শার্শায় মরহুম তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর-২০২৬) সকাল ১০টায় শার্শা অ্যাথলেটিক ক্লাবে এ সভার আয়োজন করা হয়। শার্শা অ্যাথলেটিক ক্লাবের আহ্বায়ক ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব আওরঙ্গজেব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে এ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ নভেম্বর শার্শা উপজেলা মিনি স্টেডিয়ামে আট দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
সভায় শরিফুজ্জামান পরাগ বলেন, শার্শার প্রতিটি ভালো উদ্যোগের সঙ্গে তিনি থাকতে চান। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, নিজের অর্থায়নে অতীতেও খেলার মাঠ সংস্কার ও ক্রীড়াসামগ্রী বিতরণের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের পাশে ছিলেন। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখতে চান।
সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, শার্শা দাখিল মাদ্রাসার সুপার আনোয়ারুল কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, যশোর জেলা ছাত্রদলের সদস্য অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, ফুটবল কোচ আজাদ রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।





















