শার্শায় ৪৩ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ করলেন বিএনপি সভাপতি আবুল হাসান জহির
- আপডেট: ০৭:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে যশোরের শার্শা উপজেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বৃহস্পতিবার (১২ নভেম্বর-২০২৬) সকাল ১১টায় উপজেলার নাভারণ গরুহাটসংলগ্ন সমবায় মার্কেটের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেন তিনি।
আবুল হাসান জহিরের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আবুল হাসান জহির বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ আজ হুমকির মুখে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানোর বিকল্প নেই। শিক্ষার্থীরা এখন থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুললে এ উদ্যোগ সফল হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভারণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ, সাবেক প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, কদম আলী, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন রাজু ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, সাংগঠনিক সম্পাদক অহেদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, শার্শা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনছুর আলী, বিএনপি নেতা মিজানুর রহমান ও আতিয়ার রহমান দলু।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ও আব্দুর রশিদ, যুবদল নেতা আনোয়ার হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, শ্রমিকদল নেতা নাজমুল হোসেন, নাভারণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ রহমান এবং ছাত্রদল নেতা আব্দুস সোহান আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা।
চারা বিতরণের আগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুস সামাদ কাসেমী।





















