চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রদল নেতাসহ দু’জনের মৃত্যু।
- আপডেট: ১২:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৪

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গার অদূরে হলিধানী বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা সৌরভসহ জীবননগরে গাছের সাথে ধাক্কা মেরে রাসেল হোসেন (২০) নামের দু’জন মোটরসাইকেল চালকের করুন মৃত্যু হয়েছে।
গত রাতে উপজেলার সন্তোসপুর ইকো পার্কের পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। অপর দূর্ঘটনায় নিহত জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ (২৫) চুয়াডাঙ্গা শহরের বড়বাজার পাড়ার আসলাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌরভ তার বান্ধবী রিয়া খাতুনকে বুধবার রাত ৯টার দিকে বাসায় পৌছে দিতে গিয়ে পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হলিধানী বাজারে সড়কের গতিরোধকে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন ছিটকে পড়েন। এসময় একটি দ্রুতগতির ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ মারা যায়। তার বান্ধবী এসময় গুরুতর জখম হন।
অপরদিকে আজ বুধবার ভোরে একদল লোক কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্তোসপুর-আন্দুলবাড়িয়া সড়কে পার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান তারা। মরদেহটির পাশে একটি ব্লু রঙের আরটিআর মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে আছে। পরে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সাথে ধাক্কা মেরে ঘটনাস্থলেই মারা যায় সে।
নিহত রাসেল হোসেন এর পিতা ইলিয়াস হোসেন বলেন, আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে। গতকাল রাত ৮ টার দিকে সন্তোসপুর পাম্পে মোটর সাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তার পর আর বাড়ি ফিরেনি।সারারাত তার নম্বরে ফোন দেওয়া হয়েছে ফোন রিসিভ করেনি সে। পরে আজ ভোরে খবর পেলাম সে এক্সিডেন্ট করেছে।এসে দেখি আমার ছেলে মারা গেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।





















