তেরখাদায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে আলোচনা সভা
- আপডেট: ০৪:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ২

খুলনা অফিস:খুলনার তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়নের চর-জয়সেনা গ্রামে মাদকের ভয়াবহতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জয়সেনা গ্রামের এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন যুবদল নেতা গোলাম মোস্তফা ভুট্টো, খায়ের শেখ, বাসার ফকির, জিলানী শেখ, মুজাহিদ ফকির, রবিউল শেখ, মিহির কর্মকার, ইয়াসিন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও কামনা করেন তারা।
সভায় অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি মাদক প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।
বক্তারা বলেন, সম্মিলিত সামাজিক উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে জয়সেনা গ্রামকে মাদকমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।





















