বেনাপোলে ৯৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ যুবক আটক
- আপডেট: ০২:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে ৯৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ সুজন মোড়ল (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট-২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটে বেনাপোল পৌরশহরের ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভবেরবেড় গ্রামের মো. আওয়ালের বাড়ির গেটের সামনে পাকা সড়ক থেকে সুজন মোড়লকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ৯৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৯ হাজার ৭০০ মিলিলিটার সিরাপ রয়েছে। পুলিশের হিসাবে উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৯৭ হাজার টাকা।
এ ছাড়া সুজনের পরনে থাকা লুঙ্গির ডান কোচড় থেকে একটি ভিভো ১৯২০ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোনটির আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এএসআই মো. সবুজ আলী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





















