ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন পাচারের শিকার ৫০ বাংলাদেশি
- আপডেট: ১০:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: ভারতে মানবপাচারের শিকার হওয়া ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার (৫ জুলাই-২০২৬) রাতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তারা ভারতে দেড় বছর থেকে সাত বছর পর্যন্ত বিভিন্ন কারাগারে আটক ছিলেন। দেশে ফেরার পর তাদের গ্রহণ করে মানবাধিকার সংস্থা রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার।
রাত সাড়ে ৮টার দিকে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি), ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফেরত আসা ৫০ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে তাদের মানবাধিকার সংস্থার কাছে দেওয়া হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারী-পুরুষদের পুনর্বাসন ও আইনি সহায়তার জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, অভাব-অনটনের সুযোগ নিয়ে দালাল চক্র ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এসব বাংলাদেশিকে ভারতে পাচার করে। সেখানে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হয়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরবর্তীতে ভারতীয় মানবাধিকার সংস্থার উদ্যোগে তারা শেল্টার হোমে আশ্রয় পান এবং দুই দেশের সরকারি সহযোগিতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরতে সক্ষম হন।
তিনি আরও জানান, ফেরত আসা এসব বাংলাদেশিকে আইনি সহায়তা, মানসিক পুনর্বাসন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার যৌথভাবে কাজ করবে।





















