খাগড়াছড়ি বাজারে নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে যুবক আটক, থানায় মামলা
- আপডেট: ১১:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ২

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি বাজারে ভাসমান এক নারী সবজি ব্যবসায়ীকে মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি পৌর বাজারে ভাসমান সবজি বিক্রেতা ক্রাইউ মগিনী (৩৯)-এর সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী মো. ওমর ফারুক (৩৭)-এর ভাসমান সবজির দোকান বসানোকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়।
অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে মো. ওমর ফারুক ক্রাইউ মগিনীকে এলোপাতাড়ি ঘুষি মেরে নাক-মুখে আঘাত করেন। পরে তাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার পর আহত ক্রাইউ মগিনীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. ওমর ফারুককে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় এফআইআর নং-০২, তারিখ ৩ জুলাই ২০২৬, জিআর নং-৬৪ মূলে ৩০৭ (হত্যাচেষ্টা), ৩২৩ (আঘাত), ৩৫৪ (নারীর শ্লীলতাহানি) ও ৫০৬ (ভয়ভীতি প্রদর্শন) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।























