“জনগণের কথা শুনে, জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নের পথচলা” এই প্রত্যয়ে এমপি মুন্নির গণশুনানি
- আপডেট: ০৯:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১৩

স্টাফ রিপোর্টার : জনগণের কথা শুনে, জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নের পথচলা, এই প্রত্যয়ে ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার মানুষের দুঃখ-দুর্দশা নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত গণশুনানিতে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।
শনিবার (৪ জুলাই) বিকেলে তিনি সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রমের সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জবাবদিহিমূলক, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণশুনানি একটি কার্যকর মাধ্যম। জনগণের আস্থা ও অংশগ্রহণই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
৮নং নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিকরগাছা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদউন নবী মুরাদ, ৮নং নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঝিকরগাছা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান সাগর এবং সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংবাদকর্মী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















