যশোরে ৩০ হাজার পিস ইয়াবা-সহ বেনাপোলের ২ পাচারকারী আটক
- আপডেট: ০৮:৩০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ঝটিকা অভিযানে অভিনব কায়দায় পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি এক্স-করোল্লা প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই-২০২৬) রাত পৌনে ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর এলাকায় স্মরণকালের অন্যতম বৃহৎ মাদকের চালানটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে মোঃ বাবলুর রহমান (৫৫) এবং একই থানার বড় আঁচড়া মাঠপাড়া গ্রামের মোঃ আজগার আলীর ছেলে মোঃ নুরুজ্জামান (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকাস্থ ‘যশোর পৌরসভা ওয়েস্ট ট্রিটমেন্ট (জেপিডব্লিউটিপি)’ গেটের উত্তর পার্শ্বে ওত পেতে থাকে। সন্দেহভাজন একটি টয়োটা এক্স-করোল্লা (Toyota X COROLLA) মডেলের প্রাইভেট কার সেখানে পৌঁছালে সংকেত দিয়ে সেটিকে থামানো হয়।
পরবর্তীতে তল্লাশির একপর্যায়ে গাড়িটির ভেতরে চালকের ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ড কেটে বিশেষ কায়দায় তৈরি করা গোপন বক্সের সন্ধান পায় ডিএনসি টিম। সেখান থেকেই একে একে বের করে আনা হয় ৩০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।
অভিযান শেষে মাদক পাচারে ব্যবহৃত ১টি বিলাসবহুল প্রাইভেট কার, ৩০ হাজার পিস ইয়াবা এবং আসামিদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এই ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।





















