মাগুরা জেলার বাটিকাডাঙ্গায় শ্রীশ্রী মতুয়া সম্প্রদায়ের মহাসমাবেশ অনুষ্ঠিত
- আপডেট: ১১:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৬

স্টাফ রিপোর্টার: বাবু বিশ্বজিৎ বসু, মাগুরা।।
মাগুরা জেলার মাগুরা সদর উপজেলা-এর বাটিকাডাঙ্গা এলাকায় শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মতুয়া মহাসম্মেলন। হাজারো ভক্তের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক ধর্মীয় উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সুবর্ণা শিকদার ঠাকুর এবং নিপুন রায় চৌধুরী, শ্রীমতয়াচার্য পদ্মনাভ ঠাকুরসহ প্রশাসনিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের আদর্শ, মানবধর্ম, শিক্ষা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। তারা বলেন, মতুয়া ধর্মমত মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সমাজে সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার জন্য হরিচাঁদ-গুরুচাঁদের আদর্শ অনুসরণের আহ্বান জানান বক্তারা।
সম্মেলনে সভাপতিত্ব করেন চারণ কবি শ্রী গোরাচাঁদ সরকার। জেলার বিভিন্ন গ্রাম থেকে আগত শতাধিক মতুয়া সংগঠনের হাজারো অনুসারী “জয় হরিবোল” ধ্বনিতে পুরো এলাকা মুখর করে তোলে। দেশীয় বাদ্যযন্ত্রের তালে তৈরি হয় এক ভিন্নধর্মী ধর্মীয় পরিবেশ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, ধর্মীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মহাসমাবেশে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন, ভক্তিমূলক সংগীত ও প্রার্থনার আয়োজন করা হয়। আগত ভক্তবৃন্দের জন্য প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।






















