বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ আটক-২
- আপডেট: ১১:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকা থেকে ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ঘিবা বিওপির যৌথ আভিযানিক দল।
বুধবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মিনহাজুল (৪৮) ও মো. ইমরান হোসেন (৩৪)। মিনহাজুলের বাড়ি পোড়াবাড়ী গ্রামে এবং ইমরান হোসেনের বাড়ি ধান্যখোলা গ্রামে। তারা উভয়েই বেনাপোল পোর্ট থানার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
র্যাব সূত্র জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদের জব্দকৃত আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, র্যাব নিয়মিতভাবে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কাজ করছে। এছাড়া চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।





















