ধনেশ্বরগাতী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞে লোকের ঢল
- আপডেট: ০৭:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ৩

বাবু বিশ্বজিৎ বসু, স্টাফ রিপোর্টার, মাগুরা।।
মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞে ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক নামসংকীর্তন এবং উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা পরিণত হয়েছে এক মিলনমেলায়।
কমিটির সাথে কথা বলে জানা যায়, মহানামযজ্ঞ উপলক্ষে স্থানীয় ও আশপাশের বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো ভক্ত, ধর্মপ্রাণ মানুষ ও দর্শনার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিন-রাতব্যাপী চলা হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানস্থলে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবার-পরিজন নিয়ে মহানামযজ্ঞে অংশগ্রহণ করেন এবং ভক্তিমূলক পরিবেশে সময় কাটান।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন বৃহৎ ধর্মীয় আয়োজন এলাকায় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। মহানামযজ্ঞকে ঘিরে পুরো ধনেশ্বরগাতী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, বিশ্রাম, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধনেশ্বরগাতী হাইস্কুল মাঠ প্রাঙ্গণের ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ এ অঞ্চলের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে বলে উপস্থিত অনেকেই মন্তব্য করেন।





















