নাভারণে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
- আপডেট: ০৮:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখা।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শার্শা উপজেলার নাভারণ ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি নাভারণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাভারণ-সাতক্ষীরা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সদের পূর্ণাঙ্গ কার্যকর এবং জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক যশোর জেলা পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সভাপতি হাফেজ রেজাউল ইসলাম।
যশোর জেলা পশ্চিম শাখার সেক্রেটারি আজম উবাইদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শার্শা থানা শাখার সভাপতি হাদিউজ্জামান জুয়েলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বিগত সরকারের সময়ে সংঘটিত জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের ছাত্র-জনতার দাবি ও অধিকার প্রতিষ্ঠার পথে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।





















