জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- আপডেট: ১০:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদকঃ বক্তব্য শেষ করে ‘খোদা হাফেজ’ বলার পরপরই মুখ ফসকে ‘জয় বাংলা’ বলে ফেললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক উপজেলা নেতা। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ‘সরি, সরি’ বলে দ্রুত মঞ্চ থেকে নেমে যান তিনি। এ ঘটনা নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত এক পথসভায় ঘটনাটি ঘটে। সভাপতিত্ব করছিলেন এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম।
স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে বক্তব্য দেওয়ার পর তিনি বলেন, ‘এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে পুরো মুহূর্তটি ধরা পড়েছে।
এই পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমৈয়া ফারজানাসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তার কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে দলটির নেতারা এই পথসভায় অংশ নেন।



























