যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের
- আপডেট: ০৮:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১১

গ্রামের সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করলে তেহরান মার্কিন অবস্থানে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক জবাব দেবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরান এই হুঁশিয়ার বার্তা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পরিকল্পনার প্রস্তুতির খবর চাউর হওয়ার পরেই ইরান এই হুমকি দিলো।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের পরিকল্পনার বিষয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করবেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার।
নামহীন দুইটি সূত্রের বরাতে অ্যাক্সিওস এই রিপোর্ট প্রকাশ করেছে। এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউজ ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের কাছে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি।
সূত্রের বরাতে অ্যাক্সিওস বলছে, সেন্টকম ইরানের ওপর ‘স্বল্প ও শক্তিশালী’ দফায় দফায় হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে। এই হামলায় যুক্তরাষ্ট্রের নতুন লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের অবকাঠামোও অন্তর্ভুক্ত করা হয়েছে।


























