হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান
- আপডেট: ১১:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১০

আন্তর্জাতিক ডেস্ক : আবারো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার ইরানের গণমাধ্যম জানিয়েছে।
বুধবার ৪০ দিনের যুদ্ধ আপাতত বিরতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির জন্য ইরান যে ১০ দফা শর্ত দিয়েছে তার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে। তবে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা লেবাননে হামলা চালিয়ে যাবেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল থেকে লেবাননের ৬০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এসম হামলায় অন্তত ৮৯ জন নিহত এবং সাত শতাধিক আহত হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচলের অনুমতি দেওয়াটা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির একটি মূল চাবিকাঠি। যুদ্ধবিরতি ঘোষণার পরে বুধবার হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয় ইরান।
কিন্তু ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সহযোগী সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বুধবার সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী ট্যাংকার প্রণালীটি অতিক্রম করতে পারলেও, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিও জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার খবর দিয়েছে এবং উভয় সংবাদমাধ্যমই লেবাননের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার কথা উল্লেখ করেছে।


























