সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৭:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৯ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৭১টি শাড়ি, ৭টি থ্রি-পিস, ১০ হাজার ১৬১টি চকলেট এবং ৮৬৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
পরে জব্দকৃত চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি পরিকল্পিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















