যশোরে ডিবির অভিযানে ওয়ান শুটারগান ও ককটেলসহ আটক-১
- আপডেট: ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১০৬

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি ককটেলসহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে যশোর কোতয়ালী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন মো. রবিউল ইসলাম (৩০)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ভাতঘরা গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে ডিবি যশোরের এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস দল যশোর শহরের উপশহর ট্রাকস্ট্যান্ড সংলগ্ন কাজী সোহেলের মালিকানাধীন বন্ধু আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি ককটেল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটক রবিউল ইসলামের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (১২ মার্চ) যশোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।






















