অভয়নগরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী আটক
- আপডেট: ০৩:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর থানা এলাকার ইছামতী থেকে ১২টি ককটেল বোমাসহ এক নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেল প্রায় ৩টার দিকে ইছামতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানের সময় কালো পলিথিনে রাখা অবস্থায় ১২টি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. আজিজুল শেখ ওরফে আজিমুল শেখ (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আজিজুল শেখ যশোর জেলার অভয়নগর থানার ইছামতী এলাকার বাসিন্দা। তার বাবার নাম সভারত শেখ এবং মায়ের নাম মিরা বেগম।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ১২টি ককটেল বোমা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরে ধৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের জন্য তাকে জব্দকৃত আলামতসহ অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৬ সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















