শার্শায় নিজ ঘর থেকে ২ কেজি গাঁজাসহ যুবক আটক
- আপডেট: ১১:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর আড়াইটার দিকে শার্শা থানার দূর্গাপুর (ছাত্রাপাড়া) গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. সম্রাট হোসেন (২৫)। তিনি শার্শা থানার দূর্গাপুর (ছাত্রাপাড়া) গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে শার্শা থানার এসআই শেখ আল আমিন ও এসআই মো. সবুজ গাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে দূর্গাপুর (ছাত্রাপাড়া) গ্রামে সম্রাট হোসেনের নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার হাতে থাকা একটি নাইলনের বাজারের ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১১, তারিখ ১০ মার্চ ২০২৬।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




















