যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩০ মামলার আসামি রুবেলসহ গ্রেফতার-৩
- আপডেট: ১০:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ২৪

নিজস্ব প্রতিবেদক: যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০টি মামলার আসামি মো. রকিবুল ইসলাম রুবেলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল মাদকদ্রব্য এসকাফ (ESKuf) উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেল ৩টা ৪৫ মিনিটে যশোর শহরের চাঁচড়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া মধ্যপাড়া এলাকার রহিমা বিবির বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চাঁচড়া মধ্যপাড়ার ইনছান মিয়ার ছেলে মো. রকিবুল ইসলাম রুবেল (৩৬), চাঁচড়া দাড়ীপাড়ার মো. শহর আলীর ছেলে মো. ইকলাছ উদ্দিন (২৯) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (৩৫)।
অভিযানের সময় আরেক মাদক কারবারি মো. রাজা (৩২) পালিয়ে যায়। তিনি যশোর কোতয়ালী থানার চাঁচড়া মধ্যপাড়া এলাকার মো. হারুনুর রশিদের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৭ বোতল এসকাফ উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত মো. রকিবুল ইসলাম রুবেলের বিরুদ্ধে পূর্বে অস্ত্র, হত্যা ও মাদকসহ মোট ৩০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।




















