শার্শা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮৮ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক-১
- আপডেট: ১০:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ১৮৮ বোতল ভারতীয় সিরাপ ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী ও রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পুটখালী বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় WINCEREX সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান এবং একজন আসামিকে আটক করেন। আটক ব্যক্তি হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের আ. রশিদের ছেলে রুহুল আমিন (৩৬)।
এদিকে একই দিন পৃথক অভিযানে রুদ্রপুর বিওপি সদস্যরা ৮৮ বোতল ভারতীয় ESKUF সিরাপ জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শার্শা সীমান্তের পুটখালী ও রুদ্রপুর বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় সিরাপ জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















