বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৫২.৫ কেজি গাঁজা ও ১১০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার
- আপডেট: ০২:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ৫২ দশমিক ৫ কেজি গাঁজা এবং ১১০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ধান্যখোলা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বাহাদুরপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করে।

অপরদিকে চৌগাছা সীমান্তের আন্দুলিয়া বিওপির সদস্যরা পৃথক অভিযানে আশিংড়ী মাঠের একটি পুকুরপাড় থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল উইনসেরেক্স (WINCEREX) কফ সিরাপ উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















