শার্শার গোগা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৭:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৪

শার্শা (যশোর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ প্রধান অতিথিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলার কর্মপরিষদ সদস্য মোঃ ফিরোজ আল মাহমুদ, গোগা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম খলিল, গোগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা বাবুল সরদার, আব্দুর রউফ, আলহাজ্ব শওকত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আজিজুর রহমান বলেন, “আমি উপজেলার এমপি হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি কোনো দলের এমপি নই, আমি জনগণের এমপি হয়ে কাজ করতে চাই।”
তিনি রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এসময় তিনি উপস্থিত এলাকাবাসীর বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন এবং জনগণের দাবির আলোকে গোগা ইউনিয়নসহ শার্শা উপজেলার সার্বিক উন্নয়ন ও স্থানীয় সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।






















