মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ : ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলা, অন্তত ৪০ শিক্ষার্থী নিহত
- আপডেট: ০৮:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলের হোরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে বিমান হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ওই হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছে। শুরুতে পাঁচজনের মৃত্যুর কথা বলা হলেও পরে নিহতের সংখ্যা বাড়ার কথা জানানো হয়।
খবরে বলা হয়, শনিবার ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালায়। তবে হামলার বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইরানে হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত ছয় দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে তেহরান। ফারস নিউজ জানিয়েছে, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। পাশাপাশি বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলার দাবি করা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদ–এও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তবে এসব হামলা ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় বিভিন্ন পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।


























