বিজিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ১০:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান মালামালসহ দুই আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী ও কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে যশোরের কোতোয়ালী থানার লাউজানী এলাকা থেকে ১৪.৯ কেজি গাঁজাসহ দুই আসামিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার শেখেরহাট বাজার গ্রামের আলম মোড়লের ছেলে মফিজুল (১৯) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুটিচন্দ্র খানা গ্রামের মোসলেম হকের ছেলে নাহিদ ইসলাম জীবন (২০)।
অভিযানে তাদের কাছ থেকে ভারতীয় ১৪ দশমিক ৯ কেজি গাঁজা এবং পৃথক অভিযানে ১০৮ বোতল এসকাফ সিরাপ (নেশাজাতীয়), ২টি মোবাইল ফোন, ৪২টি শাড়ি, ৮১টি বিভিন্ন প্রকার ওষুধ, ৮৬ প্যাকেট কীটনাশক ও ৭৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা।
বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় এসব সাফল্য অর্জিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















