যশোরে বিজিবির অভিযানে ৫ টি স্বর্ণের বারসহ আটক-১
- আপডেট: ০৩:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরে অভিযান চালিয়ে এক কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে যশোর কোতোয়ালী থানার লাউজানী দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার লাউজানী দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় আব্দুর রউফ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি যশোরের শার্শা থানার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে বিশেষ ধরনের কাগজে মোড়ানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য এক কোটি ৩০ লাখ ২৫ হাজার ১৬০ টাকা, মোবাইল ফোনের মূল্য ২১ হাজার ৫০০ টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। সেগুলো যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাচ্ছিলেন। বিশেষ কৌশলে মোড়ানো থাকায় বেনাপোলের স্ক্যানিং মেশিনে সনাক্ত করা সম্ভব হয় না বলেও জানা যায়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















