খুলনায় রমজান উপলক্ষে ভ্রাম্যমান আদালত: ২ প্রতিষ্ঠানে জরিমানা, গোডাউন সিলগালা
- আপডেট: ১০:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১

নিজস্ব প্রতিবেদক: মাহে রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ ও ভোক্তা হয়রানি রোধে খুলনায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (সিপিএসসি)।
এ সময় দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে টিসিবি পণ্য মজুদ করায় একটি গোডাউন সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিট থেকে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত খুলনা মহানগরীর খালিশপুর ও সোনাডাঙা থানা এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বয়রা বাজারে আবুল কালাম স্টোরের একটি গোডাউন থেকে টিসিবির বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে— ৪০ কেজি খেজুর, ২০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা ডাল এবং ১০৮ লিটার সয়াবিন তেল। পরে গোডাউনটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন ও সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) প্রিয়ঙ্কা রাণী কুন্ডু উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকারের প্রতিনিধির উপস্থিতিতে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপস্থিত থাকা র্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম বলেন, রমজান মাসে বাজারদর স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে।























