শার্শাকে দুর্নীতিমুক্ত মডেল উপজেলা গড়তে এমপি আজীজুর রহমানের আহ্বান
- আপডেট: ০৭:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের হলরুমে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আজীজুর রহমান বলেন, “আমি শার্শা উপজেলাকে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই উপজেলার প্রতিটি মানুষ—সে যে দল, মত বা ধর্মেরই হোক না কেন—আমরা সবাই মিলেমিশে তাদের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচয় করিয়ে দেন এবং কে কোন দপ্তরে দায়িত্ব পালন করছেন ও তাদের কাজের পরিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতর আমীর অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা জামায়াতর আমীর রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাচনী সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা আহমদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মতবিনিময় সভায় উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে জানা গেছে।






















