যশোরে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় কফ সিরাপসহ দুই পাচারকারী আটক
- আপডেট: ০৮:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দুই আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় ভারতীয় ৩৯৭ বোতল নেশাজাতীয় কফ সিরাপসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বর্ডার গার্ড বাংলাদেশ–এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৩৯৭ বোতল কফ সিরাপ, ২টি মোবাইল ফোন, ২৪টি শাড়ি, ২টি কম্বল এবং ১৬১টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোরের চৌগাছা থানার পুড়াপাড়া এলাকা থেকে নড়াইল এক্সপ্রেস নামক গাড়িযোগে ঢাকায় যাওয়ার পথে দুই মাদক বহনকারীকে আটক করা হয়। তারা যশোর কোতোয়ালী থানার বাউলিয়া বাজার সংলগ্ন নার্সারীর সামনে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন—শহিদ হোসেন প্রান্ত (২৩), যশোরের চৌগাছা থানার কুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং মেহেদী হাসান (২৩), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর গ্রামের কামরুল হোসেনের ছেলে।
আটক মাদকদ্রব্য ও অন্যান্য আলামত মামলার প্রমাণ হিসেবে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




















