বেনাপোলে ট্যাপেনটাডোলসহ ভারতীয় ট্রাকচালক আটক
- আপডেট: ০৮:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ভারতের পেট্রাপোল বন্দর থেকে আসা ডাব্লিউবি-১১-ডি-০৩৯৭ নম্বরের একটি ট্রাক বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে তল্লাশি চালায়। এ সময় ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) বিজিবি ক্যাম্পের সদস্যরা ট্রাকটি থেকে ১ হাজার ৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট জব্দ করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত ট্যাপেনটাডোল ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
আটক ট্রাকচালক হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁও থানার মনিপুর সুখপুকুর এলাকার বাসিন্দা হাজরা গাজীর ছেলে আনার গাজী (৩৯)। তিনি পেশায় একজন ট্রাকচালক বলে জানা গেছে।
এ ঘটনায় আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি জোরদারসহ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানের ফলে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















