বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদসহ ৪ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ১০:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৭১

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল সীমান্তে চালানো অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট-২০২৫) ৪৯ বিজিবির বিশেষ টহল দল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশী মদ, শাড়ি, থ্রী-পিস, চকলেট এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, “বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকের এই সফলতা এসেছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত সকল মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইনানুগভাবে ধ্বংস করা হবে।




















