যশোর-চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ
- আপডেট: ০৯:৪১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৯৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, শাড়ি, কম্বল, ঔষধ ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে আটককৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৫ লাখ ১১ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (০৯ আগস্ট-২০২৫) দিনব্যাপী যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল, পাঁচপীরতলা, আন্দুলিয়া বিওপি ও আমড়াখালী চেকপোস্টে এসব অভিযান চালানো হয়।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
আটককৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইনানুগভাবে ধ্বংস করা হবে বলে জানানো হয়।



















