বরিশালের ট্রাক যশোরে বিক্রির সময় মাদারীপুরের ৪ চোর আটক
- আপডেট: ০২:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ১০০

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ সময় সংঘবদ্ধ চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞা।
বুধবার (৬ আগস্ট-২০২৫) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কোতয়ালী মডেল থানার মুড়ুলী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আরো অংশ নেন করেন এসআই শেখ আবু হাসান, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ও এএসআই মোঃ নাজমুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে মুড়ুলীর অ্যাডভোকেট তহিদুর রহমানের মালিকানাধীন মার্কেটের পাশে রাস্তার ওপর থেকে চারজনকে চোরাই মিনি ট্রাক বিক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত সকলে মাদারীপুর জেলার ডাসার থানার, উত্তর ভাউতলী গ্রামের ফারুক বেপারীর ছেলে মোঃ হাফিজ বেপারী (৩২), পশ্চিম বনগ্রাম এর সিরাজ শিকদারের ছেলে মোঃ ফোরকান শিকদার (২২), পশ্চিম পুবালী গ্রামের হালিম ঘরামীর ছেলে মোঃ সোহেল ঘরামী (২৩), শশিকর (১ নং ওয়ার্ড) গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে সুশান্ত রায় (৩৫)।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক আসামি মোঃ মাসুদের নেতৃত্বে তারা ৩ আগস্ট রাত ১টায় বরিশালের গৌরনদী থানার মেদাকুল গ্রাম থেকে বলরাম পোর্দ্দারের বাড়ি থেকে মিনি ট্রাকটি চুরি করে। পরে সেটি অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে যশোরে নিয়ে আসে।
অভিযানের সময় এসআই শেখ আবু হাসান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে নীল-হলুদ রঙের চোরাই মিনি ট্রাকটি জব্দ করেন। ট্রাকটির চেসিস নম্বর N1801073 এবং ইঞ্জিন নম্বর 1N4000028।
এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে এএসআই সৈয়দ শাহীন ফরহাদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতাররা পেশাদার চোর এবং সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আসামি সুশান্ত রায়ের বিরুদ্ধে ২টি এবং ফোরকান শিকদারের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে, যার মধ্যে চুরির মামলাও রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



















