ঝিকরগাছায় শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
- আপডেট: ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৯৭

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌর সদরের বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলে বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ৯টায় জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চৌগাছা ঝিকরগাছা আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন। ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
ফ্রী মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। চক্ষু রোগীদের ফ্রি চশমা দেয়া হয়। এছাড়া রোগীদের ওষুধও প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় এবং মাস্টার মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কপোতাক্ষ পাঠাগারের পরিচালক অধ্যাপক হারুন অর রশিদসহ অন্যান্যরা।
ঝিকরগাছা পৌরসভা এবং আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় আড়াই হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন। এখান থেকে ফ্রি সেবা পেয়ে সুখানুভুতি প্রকাশ করেন তারা। মেডিকেল ক্যাম্পে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে লম্বা লাইন দিয়ে তাদের অপেক্ষা করতে দেখা যায়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।





















