যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ৯ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল আটক
- আপডেট: ১০:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ২০২

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ, ফেনসিডিল, নেশাজাত সিরাপসহ চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (০৬ আগস্ট-২০২৫) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল, শাহজাদপুর, পাঁচপীরতলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—বিদেশী মদ, ফেনসিডিল, নেশাজাত সিরাপ, ভারতীয় শাড়ি, কীটনাশক, ঘাসের বীজ, মোবাইলের ডিসপ্লে, করোসল ফল ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।”
তিনি আরও বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে। পরবর্তীতে এসব পণ্য আইন অনুযায়ী ধ্বংস করা হবে।”





















