শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২৯টি ভারতীয় পুরাতন মোবাইল উদ্ধার, আটক-২
- আপডেট: ০৬:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ২০৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিস ভারতীয় পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারের সাথে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান এর দিকনির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম বরিউল ইসলাম এর নেতৃত্বে এসআই হযরত আলী ও এএসআই শেখ মোজাফফর হোসেন-এর সমন্বয়ে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটের দিকে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে ওই দুই আসামিকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ২৯টি ভারতীয় পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা – আঃ ওহাব মোল্লা, মোঃ শিমুল হোসেন (৩৫), পিতা – মোঃ মনিরুল ইসলাম (সানা) উভয়ের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামে।
এই ঘটনায় শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি) ধারায় একটি মামলা (নম্বর–০৪, তারিখ–০৫/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
শার্শা থানার ওসি কে.এম বরিউল ইসলাম জানান, “মাদক ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জানমাল নিরাপদ রাখতে আমরা সবসময় তৎপর।”





















