বেনাপোলে বিজিবি’র পৃথক অভিযানে দুই লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৭:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৮৯

নিজস্ব প্রতিবেদক: বেনাপোলে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পৃথক টহলদল শনিবার (২৬ জুলাই-২০২৫) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে ভারত থেকে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী-পিস ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২,১৮,৮৫০/- (দুই লক্ষ আঠারো হাজার আটশত পঞ্চাশ) টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনকল্পে বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযানে এই চোরাচালানী মালামাল আটক করা হয়।”
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে কোনওভাবেই মাদক বা অবৈধ পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে।”
জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমসে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।
বিজিবি’র সীমান্ত নিরাপত্তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

















